
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে ও বাংলাদেশের সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভৃপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুদিনে আরও দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে অনুভূত মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।
তার আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছিলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে ৪৬২ কিলোমিটার পূর্বে।
মিয়ানমারে উৎপত্তি হওয়া মাঝারি মানের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
Leave a Reply