1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৯:৫৫ পিএম
শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার নিবন্ধন ও আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই ধরনের আবেদনই ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে।

আজ শনিবার ইসি সচিবালয় থেকে এ-সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ কার্যক্রম তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভোটার তালিকার ডেটাবেইসে নিবন্ধিত ব্যক্তিরা। এ জন্য ৩১ অক্টোবর ২০০৮ বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের জন্য যোগ্যতা অর্জনের তারিখ ৩১ অক্টোবর (২০২৬) নির্ধারণ করেছে ইসি। এ সিদ্ধান্তের ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং সেগুলো নিষ্পত্তির সময়সূচি অনুমোদন করেছে কমিশন।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে লিংক পাঠানোর কাজ শেষ করতে হবে। পরদিন ৫ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে। খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি, বাদ পড়া নাম, তথ্যের ভুলত্রুটি বা অন্য কোনো বিষয়ে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। আবেদনগুলোর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত ভোটার তালিকায় সন্নিবেশ করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভোটার তালিকার ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন করতে জনগণকে আহ্বান জানাতে হবে। এ উদ্দেশে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে এ বিষয়ে প্রচারের ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের তালিকায় নারী ভোটার অন্তর্ভুক্তি, নারী ভোটারের তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্মসংক্রান্ত ভুলত্রুটিসহ অন্য কোনো অসংগতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। পরবর্তী ধাপগুলোর ভোট গ্রহণের তারিখ ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে। প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। এর আগে চলতি বছরের মধ্যে একাধিক ধাপে ভোটের সম্ভাব্য তারিখ জানিয়েছিল ইসি। সেটাকে সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখে ইসি। গত ৩১ আগস্ট ইসি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

ভোটার স্থানান্তরের আবেদন
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখও ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আবেদন ৩ নভেম্বরের মধ্যে ইস্যু এবং ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ-সংক্রান্ত সময়সূচি নির্ধারণ করে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর