
ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই চিত্রনায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী। বিচ্ছেদের পর থেকে শাকিবকে নিয়ে এই দুই নায়িকা মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে একে অপরকে নানা বাক্যবাণে জর্জরিত করেন। তবে ব্যতিক্রম দেখা গেল নায়কের জন্মদিনে। আলাদাভাবে দুজনেই শাকিবের প্রশংসা করে জানিয়েছেন শুভেচ্ছা।
প্রাক্তনের সঙ্গে জুটি হয়ে করা একটি সিনেমার দৃশ্যের ছবি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’
এদিকে প্রাক্তন স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীও। তিনি লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।’
আজ শুক্রবার শাকিবের জন্মদিন। ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
১৯৭৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন এই চিত্রনায়ক। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ এ পা দিলেন তিনি। ‘অনন্ত ভালবাসা’ সিনেমার মাধ্যমে ১৯৯৯ সালে তার অভিনয় জীবনের যাত্রা শুরু হয়।