
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় নতুন সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে এটি একটি বড় অগ্রগতি বলে দাবি করছে ভারতের এই বিশেষ বাহিনী।
এসটিএফের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে বিশেষ অভিযান চালিয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের দাবি, ফিলিপ একজন বাংলাদেশি নাগরিক। তিনি হাদি হত্যার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সরাসরি সহায়তা করেছিলেন। বর্তমানে তাকে এসটিএফ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে ফিলিপকে আটক করা হয়।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং ভারতে তাদের আশ্রয়দাতা কারা, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, অর্থাৎ ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে হাদির ওপর হামলা হয়। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
হামলার পর গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান এই তরুণ রাজনৈতিক কর্মী।
Leave a Reply