
রাজধানীর পল্লবী থানায় ঢুকে অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী ফাহিমসহ চারজন যুবককে আটক করেছে পুলিশ। পরে হামলার ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে পল্লবী থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
জানা গেছে, সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে পল্লবী এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়।
ওসি তখন ওই যুবক বলেন, এরকম ঘটনা আমার জানা নেই পরে ওই যুবক বলেন, আপনারা এটা নিয়ে আপনারা লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যান ওসি নজরুল। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও তখন জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই।
ওসি নজরুল বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন। আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি।
তিনি জানান, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি।হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে। ওসি নজরুল ইসলাম আরও বলেন, এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এ ঘটনায় পল্লবী থানাতে একটি মামলা হয়েছে যার মামলা নং- ২৯ তারিখ- (১১/৩/২৫) বলেও তিনি জানান।