1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়ামসংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনসিপির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তারেক রেজার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ দল এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়। সেই মামলার আসামি হিসেবে আজ তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলমান রয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে আসেন। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। এর জের ধরে পরদিন শনিবার দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির। সেই মামলাতেই আজ সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেপ্তার করল পুলিশ।

এই বিভাগের আরো খবর