1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ, পাবেন যারা - আজকের কাগজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চালকাণ্ড: আটক ১০২ বস্তা চালের মালিক কে? ব্রিকসে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে তথ্য নেই: জয়সোয়াল প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মারা গেলেন আহত সেই পথচারী নারী রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন কক্সবাজারে হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, দুই হাজার আইফোন উদ্ধার বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ শূকরের কিডনিতে রেকর্ড ৯ মাস বাঁচলেন রোগী কুইক রেন্টাল দুর্নীতির তদন্ত হওয়া উচিত: বিইআরসি চেয়ারম্যান মরা গরু জবাইয়ের অভিযোগ, মাংস বিক্রেতাকে জরিমানা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ, পাবেন যারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন আর্থিক সহায়তার বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের সহায়তার অর্ধেক দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে।

কৃষি থেকে প্রযুক্তিভিত্তিক উদ্যোগ- বিভিন্ন খাতের বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণরা এ সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয়।এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই সহায়তা প্যাকেজের অর্ধেক দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক দেওয়া হবে অনুদান হিসেবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, গবাদিপশু পালন, পর্যটন, সেবাখাত এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন প্রস্তাবনা এক্ষেত্রে বিবেচনা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরদের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুবিধা পাবেন, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে এবং নির্দিষ্ট ফরমে উপজেলার যে কোনো ব্যাংক শাখায় আবেদন জমা দেওয়া যাবে।

আবেদনের শেষ তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলায় বসবাস করছেন, তারা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করার জন্য প্রার্থীরা এক মাস সময় পাবেন।

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনাসহ ৮ জেলায় এ কর্মসূচি চালু করা হবে। ধীরে ধীরে ৬৪ উপজেলায় কর্মসূচি চালু হলে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচন করা হবে।

পরবর্তীকালে এটি সারা দেশে সম্প্রসারণ করে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঋণ অংশের জন্য গ্রাহক পর্যায়ে সুদের বা মুনাফার হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে এবং এর জন্য উদ্যোক্তাকে কোনো প্রকার জামানত দিতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যদিও কোনো ঋণগ্রহীতা নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে অনুদানের অংশটি একটি সুদমুক্ত ঋণে পরিণত হবে। সেক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী তিনি খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং ভবিষ্যতে অন্য যেকোনো ব্যাংক ঋণ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রাথমিকভাবে এই স্কিমের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে, যেখানে অনুদান ফান্ড হিসেবে ব্যবহারের জন্য ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অ্যাকাউন্ট থেকে অর্থ সরবরাহ করা হবে।

এই বিভাগের আরো খবর