
সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হচ্ছে।
একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এখন ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কাঠামোর আওতায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গঠন করা হবে। প্রয়োজন অনুযায়ী এসব শাখায় কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে এসব ইউনিট পরিচালিত হলেও সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় কমান্ড থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে।
তিনি বলেন, আগে এটিইউর সদর দফতরে থাকা কর্মকর্তাদের সারাদেশে উগ্রবাদী কার্যক্রমের ক্ষেত্রে কাজ করার এখতিয়ার ছিল। এখন এসআরইউকে একটি সুশৃঙ্খল ও সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় প্রয়োজন অনুযায়ী এসআরইউর শাখা গঠন করা হবে। ঢাকায় সিটিটিসি এখন ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে। দেশের অন্য যেসব এলাকায় প্রয়োজন হবে, সেখানেও এসআরইউর ইউনিট গঠন করা হবে।
কেন্দ্রীয় সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, এসআরইউর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সারাদেশের এসব ইউনিটের কার্যক্রম সমন্বয় করা হবে।
মন্ত্রী আরও বলেন, সিটিটিসি আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ইউনিট হিসেবে গঠিত ছিল না। এটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনেই কার্যক্রম পরিচালনা করত। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে।
নতুন এই কাঠামোর মাধ্যমে সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় কেন্দ্রীয় সমন্বয়ের পাশাপাশি মেট্রোপলিটন পর্যায়ে বিশেষায়িত ইউনিটের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।