
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক এক বাংলাদেশি নারীকে দেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ মার্চ) বিকেলে সীমান্তের মেইন পিলার ১০৬৫ সংলগ্ন এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন রৌমারীর বাংলাবাজার সীমান্তে ভারতের শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিদের সঙ্গে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ওই নারীকে বিজিবির কাছে বুঝিয়ে দেয় বিএসএফ।
ফেরত পাওয়া ওই নারীর নাম মোছা. ঝর্ণা বেগম (৩৬)। তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বজলু সরদার এবং মায়ের নাম মাকসুদা বেগম।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১ মার্চ কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ঝর্ণা বেগম। ময়মনসিংহ সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতের আমরাবাদ এলাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করতে যাওয়ার পথে বোঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেলওয়ে পুলিশ (আরপিএফ) তাকে আটক করে।
পরে ভারতীয় পুলিশ তাকে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফের আহ্বানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে তাকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ওই নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply