
মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা আবেদন মাঠপর্যায়ে নিষ্পত্তি করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত নজরদারিতেও রাখা হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন এ-সংক্রান্ত চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ সংশোধন বিষয়ক পরিপত্র জারি করা হয়। ওই পরিপত্র অনুযায়ী অনলাইনে যাচাইযোগ্য জেএসসি/মাধ্যমিক/সমমান শিক্ষা সনদের (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যতীত) ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার নিষ্পত্তি করতে পারবেন।
এতে আরও বলা হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তাদের অধীনস্থ কর্মকর্তা কর্তৃক সম্পন্ন করা কার্যক্রম মনিটরিং করবেন এবং দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তি কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কিনা তা সংযুক্ত ছকে প্রতিবেদন আকারে পরিচালক (অপারেশন্স) এর ইন্টারনাল একাউন্টে পাঠাবেন।
এতে বলা হয়, গত ১৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন সোমবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে পরিচালক (অপারেশন্স), এনআইডি উইংয়ের ইন্টারনাল একাউন্টে পাঠাতে বলা হয়েছে। আর ধারাবাহিকভাবে প্রতি মাসের প্রতিবেদন পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠাতে হবে বলে চিঠিতে বলা হয়।