
এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৩ মে)ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দীর্ঘ প্রায়ই দুই দশক পর সরকারিভাবে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হলো। ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে কবির ১২৭তম জয়ন্তীর ৩ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ত্রিশালের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করা যায় কিনা তা খতিয়ে দেখতে পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের মধ্যদিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। তবে, বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না।
এর আগে, ত্রিশালের বৈলরে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৯ সালে তার বাবা জিয়াউর রহমান এ খালটি খনন করেছিলেন।
প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপন করেন এবং দোয়ায় অংশ নেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, শিশু রামিসা হত্যাকাণ্ডে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিলেও এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।
দেশের ২০ কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সব কিছু একেবারে সম্ভব নয় মন্তব্য করে সেজন্য সময় চান প্রধানমন্ত্রী তারেক রহমান।