
কাতার বিশ্বকাপ ফুটবল আসরের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর, আবারও একই মঞ্চে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার সকাল ৭টায় কানসাস সিটির মাঠে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে নিজেদের খেতাব ধরে রাখার মিশন শুরু করছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
লাতিন আমেরিকার মহাদৈত্যরা এবার উত্তর আমেরিকার মাটিতে পা রেখেছে এক দীর্ঘ অপরাজেয় যাত্রার আত্মবিশ্বাস নিয়ে। বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা শেষ ৭টি ম্যাচের সব কটিতেই জিতেছে, যেখানে গোল হজম করেছে মাত্র একটি!
সকালে মাঠে নামলেই ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার রাজকীয় মিশনে এক ধাপ এগিয়ে যাবে আলবিসেলেস্তেরা।
তবে প্রতিপক্ষ আলজেরিয়াকে হালকাভাবে নিলে বড় ভুল করবে চ্যাম্পিয়নরা। ২০১৪ সালের পর প্রথম বিশ্বকাপে সুযোগ পাওয়া ভ্লাদিমির পেটকোভিচের দল আফ্রিকান বাছাইপর্বে রীতিমতো আগুন ঝরিয়েছে। সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডস ও বলিভিয়ার মতো দলকে হারিয়ে চমকে দেয়া আলজেরিয়া শেষ ৬ ম্যাচে গোল খেয়েছে মাত্র ২টি। রিয়াদ মাহরেজদের আক্রমণভাগ যে কোনো মুহূর্তে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।ম্যাচের আগে আর্জেন্টাইন ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে শুরুর একাদশেই থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নামার সাথে সাথেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় ভিন্ন বিশ্বকাপে খেলার একক বিশ্বরেকর্ড নিজের করে নেবেন এই জাদুকর। এছাড়াও আঙুলের চোট কাটিয়ে পোস্টের নিচে দাঁড়াতে সবুজ সংকেত পেয়েছেন ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্টিনেজ। পেশির টান কাটিয়ে লিয়েন্দ্রো পারেদেস এবং নিকো গঞ্জালেসও থাকছেন স্কোয়াডে।
তবে স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলছে রক্ষণের প্রধান স্তম্ভ নিকোলাস তাগলিয়াফিকোর চোট। কাফের ইনজুরির কারণে এই লেফট-ব্যাক পুরো ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় রক্ষণ সামলানোর গুরুদায়িত্ব পাচ্ছেন ফাকুন্দো মেদিনা। অন্যদিকে, আলজেরিয়া শিবিরে গোড়ালির চোটের কারণে থাকছেন না তারকা ডিফেন্ডার রামি বেনসেবাইনি। ফলে, রক্ষণভাগে আইসা মান্দির সঙ্গী হতে পারেন সামির চেরগি। তবে কাঁধের চোট কাটিয়ে আক্রমণভাগে ফিরছেন আমিন গুইরি।
মেসি ম্যাজিক: বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার রেকর্ড মেসির দখলে, যেখানে তাঁর নামের পাশে রয়েছে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ১৫টি গোলের ১০টিতেই (৭ গোল, ৩ অ্যাসিস্ট) সরাসরি অবদান ছিল তাঁর।
স্কালোনির কীর্তি: আর্জেন্টিনার একমাত্র কোচ হিসেবে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতার অনন্য রেকর্ড স্কালোনির। কার্লোস বিলার্দোর (১৯৮৬ ও ১৯৯০) পর তিনিই প্রথম আর্জেন্টাইন কোচ, যিনি টানা দুটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
আমৌরার হুঙ্কার: আলজেরিয়ার ফরোয়ার্ড মোহাম্মদ আমৌরা আফ্রিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ১০ গোল করে টপ স্কোরার হয়েছেন। দলের মোট ২৪টি গোলের ৫৮ শতাংশেই (১০ গোল, ৪ অ্যাসিস্ট) ছিল তাঁর ছোঁয়া।
আলজেরিয়ার রক্ষণ প্রাচীর: বিশ্বকাপে খেলা ১৩টি ম্যাচের মধ্যে আলজেরিয়া মাত্র ১টি ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছিল, যা ছিল ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ০-০ ড্রয়ের ম্যাচটি।
ফুটবল পণ্ডিতদের মতে, রিয়াদ মাহরেজ এবং ফর্মে থাকা আমৌরাদের নিয়ে আলজেরিয়া বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নেবে। গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচটিই খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। তবে স্কালোনির দলের রক্ষণভাগ সাম্প্রতিক সময়ে যেভাবে ইস্পাত কঠিন রূপ ধারণ করেছে এবং বড় ম্যাচ জেতার যে অভিজ্ঞতা মেসি-ডি পলদের রয়েছে, তাতে আলজেরিয়ার প্রতিরোধ ভেঙে ১-০ গোলের একটি কষ্টার্জিত কিন্তু মহামূল্যবান জয় নিয়ে মাঠ ছাড়বে আর্জেন্টিনা!
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।
আলজেরিয়ার সম্ভাব্য একাদশ: জিনেদিন জিদান (গোলরক্ষক), বেলঘালি, আইসা মান্দি, সামির চেরগি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, রিয়াদ মাহরেজ, মাজা, মোহাম্মদ আমৌরা এবং আমিন গুইরি।