
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং মুদ্রার বিনিময় হার বিবেচনা এনে সরকার ডিজেলের দাম সতর্কতার সঙ্গে সমন্বয় করেছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। এই বাড়তি দামের প্রভাব সাধারণ মানুষের ওপর খুব বেশি পড়বে না।
তিনি আরও বলেন, বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে জ্বালানি খাতে দেশ প্রায়ই চাপে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ সুবিধা নির্মাণে কাজ করছে। এছাড়া চামড়া শিল্পের উন্নয়ন নিয়ে তিনি বলেন, যারা চামড়া রপ্তানি করেন এবং রপ্তানির প্রয়োজনীয় কাঁচামাল বা অন্যান্য পণ্য বিদেশ থেকে আমদানি করেন, তাদের জন্য পণ্য বিনা শুল্কে আমদানির সুযোগ দেয়া হবে।
এছাড়া বন্ডেড ওয়্যারহাউজ ব্যবস্থার মাধ্যমে রপ্তানিকারকরা সহজে তাদের পণ্য রপ্তানি করতে পারবেন বলেও জানান তিনি।
এর আগে, বাসিয়া নদী পরিদর্শন করেন তিনি। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান নদীটির খননকাজ উদ্বোধন করবেন।
Leave a Reply