
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রসহ দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল। বিষয়টি সময়মতো রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে আইনগতভাবে সংশোধন করা হয়েছে। এটিকেই অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে।
আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যোগ করেন সারজিস।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সম্প্রতি হলফনামার তথ্য ও আয়কর রিটার্নের তথ্যে গরমিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলন করে তিনি জানান যে এ বিষয়টি গুজব ও অপপ্রচার।
সারজিস বলেন, আমি চাই না আমার হলফনামায় মিথ্যা কোনো তথ্য থাকুক।
আপনারা দেখবেন প্রথম যেই সম্পদ দেখানো হয়, ওইটার পর থেকে শুরু হয়। ওটাকে একটা বৈধ হিসেবে দেখানো হয়। তো এখানে অনেক সম্পদ দেখাবো এবং সেটা বৈধতা পাবে এটা আমরা চাইনি যে এমন কোনো মিথ্যা তথ্য থাকুক। সে জায়গা থেকে আমার পারিবারিক যতটুকু ব্যবসায়িক মূলধন থেকে সামান্যটুকু দেখাতে পারি, সেটুকু আমরা সেখান থেকে দেখিয়েছি।
সর্বোচ্চ আইনের জায়গা থেকে প্রত্যেকটা জিনিসের আইনগত ব্যাখ্যা আছে। যতটুকু দেখানো যায়, ততটুকুই দেখিয়েছি। হলফনামায় প্রকৃত তথ্য দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে নয় লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা লেখা হয়েছিল। সেটা সময়মতো সংশোধন করা হয়েছে।
সারজিস বলেন, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি। যারা আমাদের পেলে কল্লা আলাদা করে দেবে- তাদের আমরা সহযোগিতা করবো?
সারজিস অভিযোগ করে বলেন, বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আমাদের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যেটি আওয়ামী লীগ করেছিল।
নিজের পেশা ব্যবসা নিয়ে বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসায় যুক্ত আছি। আমরা কোনো ধরনের তথ্য গোপন করিনি। যা সত্য, তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি, সে কারণে স্ত্রীকে তেমন কিছু দেইনি। সে এখনো পড়াশোনা করছে, গৃহিণী সে, কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত নয়।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply