
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, যারা জামায়াতের আদর্শকে বিশ্বাস করে তাদেরকে সামনের দিকে এবং যারা জামায়াতবিরোধী, স্বতন্ত্র তাদেরকে নিচের দিকে রাখা হয়েছে এনসিপির নবগঠিত কমিটিতে। নতুন বন্দোবস্তের কথা বলে কাউন্সিলবিহীন একটি কমিটি গঠন করলেন আপনারা। দেখি বিভিন্ন সময় টকশোতে বিএনপিকে খোঁচা মেরে কথা বলেন। কিন্তু বিএনপি তো জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে রাজনীতি করে। তবে আপনারা আসলে কোন আদর্শ ধারণ করে রাজনীতি করেন। আমার মনে হয়, এই মুহূর্তে এনসিপির কোনো আদর্শ নেই।
আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে চরমুরারিদহ ইউথ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ছাত্রদল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাশেদ খাঁন বলেন, এনসিপির শীর্ষ পদে আসীন হয়েছেন ছাগল, ল্যাপটপ চোর, যারা নারী এবং অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত। যারা নৈতিকতাকে ধারণ করে তাদেরকে কিছু বাদ দেওয়া হয়েছে, কিছু পেছনের সারিতে রাখা হয়েছে। মূলত জামায়াতের অনুমোদন নিয়েই এই কমিটি প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, যে দল জামায়াতের অনুমোদন নিয়ে কমিটি গঠন করতে হয়; সেই দল আসলে এনসিপি নামে না থাকাই ভালো। নাহিদ ইসলামদের এখন উচিত হবে দলের যত নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে একসঙ্গে জামায়াতে যোগ দেওয়া। যারা দেশবিরোধী শক্তি। দেশের স্বাধীনতা চাইনি, দেশের পতাকাকে বিশ্বাস করে না, তাদের সঙ্গে হাত মিলিয়ে এনসিপি এক ধরনের দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, জামায়াতে ইসলাম যে জান্নাতের পথ দেখায় সেটা দাজ্জালের জান্নাত। কেয়ামতের আগে দাজ্জালও মানুষকে এভাবে জান্নাতের পথ দেখানোর নামে মোনাফেকি করবে। জামায়াতে ইসলাম ঠিক এভাবেই মানুষের সঙ্গে মোনাফেকি করছে।