
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে উল্লেখ করে এই প্রক্রিয়ার পরিবর্তনের আহবান জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াত প্রধান এসব কথা বলেন। পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘রাষ্ট্র সংস্কারে রাসূলের (সা.) নীতি ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবকে যেন কেউ ‘ফাইনাল যুদ্ধ’ বলে মনে না করে। চব্বিশের আন্দোলন ছিল শুধুই একটি ‘রিহার্সেল’। চব্বিশের জেগে ওঠা মুক্তিকামী মানুষ মরেনি, তারা এখনও সজাগ দৃষ্টিতে দেশের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি একটি সংক্রামক ব্যাধি; যার ভেতরে এটি প্রবেশ করে, সে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠে। চব্বিশের বিপ্লবে জেগে ওঠা মানুষ সজাগ রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এটিকে যেন কেউ শেষ যুদ্ধ মনে না করে, এটি ছিলো কেবল একটি রিহার্সেল।
বিগত সরকারের পতন প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাস অনুযায়ী একবার যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, বিশেষ একটি দেশকে খুশি করতেই ‘জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর’ থেকে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি ও উপাদান গায়েব করে দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে সমাজ পরিবর্তনের সুবাতাস বইছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।