
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কটি অত্যন্ত দ্রুতগতিতে মেরামত করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এরপর তিনি একটি জনসভায় ভাষণ দেবেন বলে জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শনিবার (২ মে) সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই দিন সফরের প্রস্তুতি হিসেবে চাঁদপুর সদর উপজেলার রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন সংসদ সদস্য।
এর আগে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় ‘প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন’ উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।
জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে ঘোষেরহাট এলাকার এই খালটির খননকাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা এই খালটি পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
Leave a Reply