
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।
রবিবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট -১ থেকে জামিনে মুক্তি পান তিনি। এ সময় তার দুই ছেলে মাসরুর আল শাহির শিহাব ও মাসকুর আল সাকির শামী, মহানগর বিএনপি নেতা নাজমুল হোসেন, মিঠুন শেখসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট -১ এর জেলার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে এক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম খান বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনিও জেল খেটেছেন। এজন্য যারা দায়ী তাদের বিচার দাবি করেন তিনি।
মনিরুল ইসলাম খান বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ফরমায়েশি রায় দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াসহ আমাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল। বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে ফরমায়েশি রায়ের কথা।
এই সরকার বিচার ব্যবস্থা, পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ফেরাউনের শাসন চালু করেছিল। সকল মামলার জামিন আছে শুধু খালেদা জিয়ার সহ আমাদের মামলার জামিন নাই। হাইকোর্ট জামিন আবেদন শোনেনি। দীর্ঘ ১৬ বছর পরে হাজার শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-জনতা এই সরকারের পতন ঘটিয়েছে।যারা এই মিথ্যা মামলা সাজিয়েছে এবং যারা ফরমাশি রায় দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান নিরপেক্ষ সরকারের প্রতি দাবি জানাচ্ছি।