
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শহরের পুরাতন ডিসি কোট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে এ হামলার ঘটনা ঘটে।
এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক কিছু যুবকনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।
এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন।
এ ঘটনার পর সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এনিসিপি নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!
সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসির উদ্দীন পাটোয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।