1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টানা বর্ষণে দিনভর পানির নিচে ঢাকা - আজকের কাগজ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:

টানা বর্ষণে দিনভর পানির নিচে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন

টানা মুষলধারে বৃষ্টিতে আজ রোববার কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। অলিগলি থেকে প্রধান সড়ক, এমনকি অভিজাত এলাকাও ডুবে যায় জলাবদ্ধতায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, বিকল হয়ে পড়ে বহু যানবাহন এবং নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় দ্রুত পানি জমে যায়। মোহাম্মদপুরের একাংশ, নিউমার্কেট, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী নতুন সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা, শনির আখড়া, বংশাল, নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, কালশী, হাতিরঝিলের একাংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর এবং বারিধারার সংযোগ সড়কসহ রাজধানীর অসংখ্য এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। বাদ যায়নি রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারাও।

জলাবদ্ধতার পানিতে অনেক বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল বিকল হয়ে পড়েছে রাস্তায়। কয়েকটি এলাকায় সিএনজি ও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় চালকদের ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। রিকশা ও ভ্যানচালকরা বাড়তি ভাড়া হাঁকলেও পানি বেশি থাকায় অনেক রাস্তায় তারাও চলাচল করতে পারেননি। দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্টের শঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রেখেছেন।

শান্তিনগর এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আহমেদ মারুফ বলেন, ‘দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তবুও পানি কমছে না। মনে হয় রাস্তা নয়, খাল পার হচ্ছি। কাপড়, জুতা অনেকটাই ভিজে গেছে। প্রতিবার বর্ষায় একই কষ্ট ভোগ করতে হচ্ছে।’

কমলাপুর থেকে মৌচাকের দিকে আসা রিকশাচালক আকবর হোসেন বলেন, ‘পানিতে সব তলিয়ে গেছে। ব্যাটারির অনেক রিকশাই বন্ধ হয়ে হয়ে গেছে। আমারটা কখন বন্ধ হয়ে যায়, সেই চিন্তাই আছি।’

টানা বর্ষণে সড়কে জমে থাকা পানির উচ্চতা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অনেক অলিগলি, বাসাবাড়ির প্রবেশপথ, দোকানপাটের সামনের অংশ এবং নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও নর্দমার পানি উপচে সড়কে মিশে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে আজ সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন ‘টানা ভারি বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি ইতোমধ্যে ভারি বৃষ্টির ফলে গুলশান, বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে, জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় সৃষ্ট জলজট পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।

এই বিভাগের আরো খবর