
ভারতের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে) অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক শপথ নেন।
গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২০৭টি আসন পেয়ে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে আসবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। বিজেপির শীর্ষ নেতৃত্ব একাধিকবার জানিয়েছিল, বাংলাভাষী ও বাংলামাধ্যমে শিক্ষিত কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন—এমন ধারণা আগে থেকেই ছিল। নির্বাচনে বিজেপির বড় জয়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়। অবশেষে শুক্রবার তাকে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
শুক্রবার বিধায়কদলের বৈঠক শেষে অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় আটটি প্রস্তাব জমা পড়ে এবং সবগুলোতেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম প্রস্তাব না আসায় সর্বসম্মতিক্রমে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।