
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম রাজধানীর খিলক্ষেত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলেন ওই যুবক।
এসব ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করছিলেন তিনি। এ ছাড়া আরও অনেকের নামে একাধিক আইডি ও পেজ তৈরির কথাও জানিয়েছে পুলিশ।
কাকন রানার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে রোববার বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় কাকন রানার কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।