
আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদ্যাপন উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, এবারের ঈদে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষের যাতায়াতের পাশাপাশি এক কোটি পশু পরিবহন করা হবে। ফলে এবারের ঈদযাত্রা বড়ো একটি চ্যালেঞ্জ হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানান মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাইওয়ের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ক্যামেরা বসানোর কাজ শুরু হবে।
যাত্রীচাপ সামলাতে এবং মহাসড়কে যানজট কমাতে গার্মেন্টস কর্মীদের একযোগে ছুটি না দিয়ে তিন ধাপে ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান শেখ রবিউল আলম। এছাড়া ঈদ উপলক্ষে যাত্রী পরিবহনে ব্যক্তি মালিকানাধীন বাসের সংখ্যা বাড়ানো হবে বলেও তিনি নিশ্চিত করেন।
নতুন করে বাস ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে তেলের দামের সঙ্গে ভাড়ার সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনা রোধে হাইওয়েতে অটোরিকশা চলাচল কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ব্রিফিংয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ চলছে। এটি দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নির্মিত হতে পারে।