
দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে এবং নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদে জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানে সরকারকে কাজ করতে হবে।
এছাড়া সন্ধ্যা ৭টার পর শপিংমল ও মার্কেটে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা বজায় রাখার বিষয়েও ডিসিদের নজরদারির আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবতে হবে। সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়।
এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তিনি হাত নেড়ে সাড়া দেন।
চার দিনব্যাপী এই সম্মেলন আগামী ৬ মে পর্যন্ত চলবে। এতে মোট ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, ই-গভর্ন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে।
সম্মেলনের অংশ হিসেবে রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জেলা প্রশাসকদের পৃথক বৈঠকেরও সূচি রয়েছে।
Leave a Reply