
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চার বিদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং দুইজন সিরীয় নাগরিক রয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে দুই দফা বিমান হামলা চালায়। এ হামলায় চার বিদেশি নাগরিক আহত হন।
তবে আহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এনএনএ আরও জানিয়েছে, একই সময়ে নাবাতিয়েহ জেলার জেবশিত এবং আর্নুন শহরেও ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।
লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।
এদিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক সংঘাত বন্ধে তাদের প্রধান শর্তগুলোর একটি হলো সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।
লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়ে বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষকে দ্রুত লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের দখলকৃত অঞ্চল খালি করে আন্তর্জাতিক সীমান্তের পেছনে ফিরে যেতে হবে। একই সঙ্গে লেবাননের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে।