
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১৩ জুন) কক্সবাজার থেকে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এদিন দুপুরে জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এই তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে জানানো হয়, ১৩ জুন এক দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাবেন। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও পথসভায় যোগদান করবেন। সেখান থেকে সড়কপথে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছাবেন। সেখানে বৃক্ষরোপণ ও পার্ক পরিদর্শন শেষে পেকুয়ার উদ্দেশে রওনা করবেন তিনি। পেকুয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বেলা সোয়া ১টার দিকে নবগঠিত মাতামুহুরী উপজেলায় রওনা করবেন প্রধানমন্ত্রী। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আবারও পেকুয়ার উদ্দেশে রওনা করবেন। বেলা সোয়া ২টার দিকে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, চকরিয়ার জনসভা শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী কক্সবাজার মেরিন ড্রাইভের উদ্দেশে রওনা করবেন। রাত ৮টায় মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত দর্শন শেষে কক্সবাজার শহরের লং বিচ হোটেল অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর রাত ১০টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে দীর্ঘ দুই দশক পর কক্সবাজারে সফরে আসবেন জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, ‘দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় লাখো মানুষের সমাগম ঘটবে। দলের নেতা-কর্মীরাও প্রিয় নেতাকে কাছে পাবেন, এ আনন্দে উচ্ছ্বসিত।’
প্রধানমন্ত্রীর এক দিনের টানা কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।’