
নওগাঁর সাপাহারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে উপজেলার সাপাহার নিউ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নাজির উদ্দিন বলেন, “বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন কেবল শৌখিনতা নয়, বরং এটি সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের অর্থনৈতিক লেনদেনকেও স্মার্ট ও ডিজিটাল করতে হবে। পূবালী ব্যাংকের এই উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, নির্মইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, এবং সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক।
ক্যাম্পেইনে পূবালী ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল সেবাগুলো সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের সামনে তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
‘পাই ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট খোলা, বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন, মার্চেন্ট পিওএস সেবা, এটিএম, সিআরএম এবং সিডিএম মেশিন ব্যবহার সংক্রান্ত তথ্য ও সেবা।
এছাড়াও দ্রুত ঋণ সুবিধা, ক্রেডিট কার্ড এবং আকর্ষণীয় মুনাফাসহ সঞ্চয়ী হিসাব সম্পর্কেও গ্রাহকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ১২ ও ১৩ এপ্রিল দুই দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে সাপাহার উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। এখন থেকে গ্রাহকরা পকেটে নগদ টাকা বহন না করেও কিউআর কোড কিংবা কার্ডের মাধ্যমে দৈনন্দিন কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করতে পারবেন।
এ সময় ব্যাংকের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহারের নিয়মাবলী হাতে-কলমে বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়লান আবেদীন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোতাহার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংক কর্মকর্তারা।
Leave a Reply