
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারসহ অন্তত ১৫ জনের তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দশ বছর আগে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের একাউন্ট হ্যাক করে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়ে হয়। তখন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। সে আমলে ঋণের নামে ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনার অন্যতম- সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের টাকা লোপাট, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি আর ব্যাংক দখল করে এস আলম গ্রুপের হাজার কোটি টাকা পাচার।
আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর যার অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন-দুদক। একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধাসহ নানা দুর্নীতির প্রাথমিক তথ্য পায় সংস্থাটি।
এবার রিজার্ভ চুরির নথিসহ ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। যেখানে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের ব্যক্তিগত বিভিন্ন তথ্যও চাওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সূত্র জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা দুই ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্রও তলব করা হয়েছে।