
সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
সার নিয়ে চলমান আন্দোলনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বিএনপির প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সার নিয়ে কোনো আন্দোলন হয়নি। অথচ একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন, সেসব এলাকাতেই পরিকল্পিতভাবে আন্দোলন গড়ে তোলা হয়েছে।
মীর শাহে আলমের দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করা এবং জনগণকে বিভ্রান্ত করতেই সার সংকটকে ইস্যু বানিয়ে এ ধরনের আন্দোলনের চক্রান্ত করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রতিটি বিষয়ে নিবিড় নজর রাখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। ৬ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি হতে দেওয়া হবে না। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।
এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভায় অংশ নেন।