
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ মোট ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’-য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বোটটি আটক করা হয়। তল্লাশিতে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তি ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply