
রাজধানীর রামপুরায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী তার বাবার পাশবিকতার বিষয়ে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে।
রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, রামপুরার পূর্ব হাজীপাড়ার বউবাজারে ভাড়া থাকে ওই কিশোরীর পরিবার। বাবা ও দুই ভাইবোনের সংসার তাদের। শনিবার গভীর রাতে প্রতিবেশীদের একজন হঠাৎ বিষয়টি টের পান। এর পর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।
কিশোরীকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি জানান, তার বাবা রিকশাচালক। মাসখানেক আগে তাদের মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় পাষণ্ড বাবা মেয়েকে ধর্ষণ করে। এমনকি তার মা যখন বেঁচে ছিলেন, তখনও তাকে একাধিকবার ধর্ষণ করে বাবা। ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির তিন সন্তানের মধ্যে একজনের বয়স আড়াই বছর, আরেকজনের পাঁচ বছর। ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল। ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের এক নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার ব্যক্তি। তাকে মাদকাসক্ত মনে হয়েছে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
Leave a Reply