
২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হওয়া দেশের সব শিল্প-কারখানা ফের চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্টের পর যেসব শিল্প-কারখানা বন্ধ হয়েছে, তা চালু করা হবে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে।
তা মোকাবেলায় উন্নয়ন বাজেটে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া পরিবেশজনিত যেসব প্রকল্প দেশে চলমান আছে, সেগুলোতে আর্থিক সহায়তা করবে সংস্থাটি।
অপরদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন তারা।
তিনি বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকটে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন। বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে যাতে বাংলাদেশে আসতে পারেন, তার ব্যবস্থা নেওয়া।
তিনি আরো বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।
মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply