
কুড়িগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) জেলার ৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এক কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার প্রতিবেদনে জানা যায়, চলতি বছরে জেলায় মোট ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ শাখায় ১১ হাজার ৪৬, আলিম শাখায় ১ হাজার ৭৫৬ এবং কারিগরি শাখায় ৬ হাজার ৫৩ জন পরীক্ষার্থী ছিলেন। তবে প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৮৩ জন (সাধারণ), ৭৭ জন (আলিম) ও ৪১ জন (কারিগরি) পরীক্ষার্থী।
উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দুই পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কৃত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন জানান, পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতের পরীক্ষায় উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।