
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে দুই বছর করে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগ পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষার্থীদের আচরণবিধি তদারকি এবং অনিয়ম তদন্তের দায়িত্বপ্রাপ্ত বোর্ড অব ডিসিপ্লিন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই-বাছাই করে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করে।
সভা সূত্রে জানা গেছে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকেই পরীক্ষাকালে অননুমোদিত উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া উপকরণের মধ্যে ছিল হাতে লেখা ছোট নোট, লিখিত চিরকুট এবং বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্যসংবলিত কাগজপত্র।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, পুরকৌশল বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং যন্ত্রকৌশল বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
এ বিষয়ে বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য-সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও একাডেমিক সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তা শুধু ব্যক্তিগত নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আমরা পরীক্ষায় অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একাডেমিক পরিবেশের স্বচ্ছতা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
Leave a Reply