
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আলী ওসমান এবং চট্টগ্রাম মহানগর হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা এনামুল হক মাদানীসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।
হেফাজত নেতারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্য মুসলমানদের ওপর হামলার অন্যতম কারণ। তারা দাবি করেন, ভারত সরকার এসব সহিংস কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকলেও উগ্রপন্থি বিজেপি সমর্থকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাতে এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।