
দিনাজপুরের হাকিমপুরে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিনজন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১১ই জুলাই) বিকেল বেলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, মোঃ মারুফ হাসান (২২) ইটাই গ্রামের মোঃ ছাইফুল ইসলামের ছেলে। মাদক সংক্রান্ত অপরাধে তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোঃ রায়হান কবির (৩১) ঘাসুরিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আকিবুল ইসলাম (১৯) ঘাসুরিয়া গ্রামের আমিরুলের ছেলে। তাকেও ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত আসামিদের পাশাপাশি আদালতের নিয়মিত মামলার ওয়ারেন্ট মূলে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন, মোঃ মাফি ইসরাত সৈকত (২৪) তিনি হাকিমপুর থানার বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার মৃত শের আলীর ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে দিনাজপুর জেলা কারাগারের সোপর্দ করা হয়েছে।