
কুড়িগ্রামের চিলমারীতে বাঁধ দিয়ে হাঁটার সময় পানিতে পড়ে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৬৪)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার সরকারপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটছিলেন মোহাম্মদ আলী। এ সময় অসাবধানতাবশত তিনি নিচের পানিতে পড়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানি থেকে তুলে আনেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেও তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যেতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।