
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের (উত্তরপাড়া) বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে ডুবে পূর্ণ রাণী দাস (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত পূর্ণ রাণী দাস ধর্মপাশা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও স্বপন চন্দ্র দাসের মেয়ে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ণ রাণী দাস ও তার ৩-৪ জন সহপাঠীর সঙ্গে উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল মেম্বারের বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পাকা ঘাটের সিঁড়ি দিয়ে পানিতে নামার সময় তার পা পিছলে যায় এবং সে গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনাটি দেখে সঙ্গে থাকা শিশুরা দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে খোঁজা খুঁজি শুরু করেন। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুপুর আনুমানিক আড়াইটার দিকে পূর্ণ রাণী দাসকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।