
শ্রমিক ও জনগণের মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামী লড়াই করবে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
এদিন সমাবেশ থেকে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত, নারী ও পুরুষের বেতন ভাতার সমতা বিধান নিশ্চিতসহ নানা দাবি তোলা হয়।
জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে শ্রমিক মালিকের বোঝাপড়ার বাংলাদেশ। তিনি আরও বলেন, দেশের ভেতরের শ্রমিকদের পাশাপাশি প্রবাসী শ্রমিকরাও চরম অবহেলা ও বঞ্চনার শিকার। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দূতাবাসগুলোর থাকলেও অনেক ক্ষেত্রে তাদের কার্যক্রমের কারণেই প্রবাসীদের ভোগান্তি বাড়ছে।
পাসপোর্ট নবায়নে গিয়ে তারা দালালদের খপ্পরে পড়ে হয়রানির মুখে পড়েন। এছাড়া চাকরি হারালে অনেক সময় তাদের পাশে দাঁড়ানোরও কেউ থাকে না, যোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, প্রবাসীদের দাবিদাওয়া যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে রাষ্ট্র ও সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে।
এসময় আগামীতে ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ প্রমুখ।
Leave a Reply