
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন সরকার। আজ শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া এমন শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। বর্তমানে পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাদের পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হয়, যা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি ও বাড়তি মানসিক চাপের সৃষ্টি করে। এই দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি দীর্ঘদিনের ছিল।
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে’ শিক্ষার্থীরা এই দাবি জোরালোভাবে তুলে ধরেন। ওই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তখনই এই বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।
শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার আজকের এই ঘোষণার ফলে অকৃতকার্য শিক্ষার্থীরা এক বছর নষ্ট না করেই পুনরায় মূল্যায়িত হওয়ার সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা খাতের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে সরকারি পরিকল্পনার প্রতিফলন ঘটল।