
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে যোগ দিয়েছেন। সাবেক বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ জন নেতার নেতৃত্বে এই যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে অবস্থিত এনসিপির কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা দলে অন্তর্ভুক্ত হন। এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট ও এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদের হাতে হাত রেখে নতুন দলে যোগদানের ঘোষণা দেন নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠান ঘিরে দলীয় কার্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
এনসিপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন—হাতিয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেন। এই ১৭ জন নেতার নেতৃত্বেই পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।
যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের এনসিপিতে কোনো স্থান নেই। তবে যারা দেশ, জনগণ ও এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চান, তারা যে কোনো দল থেকে এসে এনসিপিতে যোগ দিতে পারেন।
তিনি আরও বলেন, “প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইতোমধ্যে বিচ্ছিন্নভাবে অনেককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিদিনই যোগদান কার্যক্রম অব্যাহত থাকবে।
আব্দুল হান্নান মাসুদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আজ সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ জন নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও উন্নয়নমুখী একটি নতুন হাতিয়া গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নবাগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply