
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ও আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শফিউল আলম দিপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
ওইসব অভিযোগে ৪ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টার দিকে উত্তেজিত এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপজেলার ভান্ডারপুর বাজারে অবস্থিত ওই বিদ্যালয়ের অফিসে অগ্নিসংযোগসহ ভাংচুর করে।
স্থানীয়দের দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। গত সোমবার পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানি করলে ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী এদিন বিদ্যালয়ের অফিসে অগ্নিসংযোগসহ ভাংচুর করে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।অভিযুক্ত জামায়াতে ইসলামী দলের আমীর শফিউল আলম দিপু পলাতক থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার এ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা এবং তাকে কাজীর পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হবে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।