
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি স্নেক ভেনম (সর্পদংশন প্রতিষেধক) প্রয়োগ করে বিষধর সাপের কামড়ে আক্রান্ত এক শিশুর প্রাণ রক্ষা করা হয়েছে। সীমিত চিকিৎসা-সুবিধার মধ্যেও এ সফলতা স্থানীয় স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ উদ্দিনের ছেলে রাহাত (৮) মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে বিষধর সাপের কামড়ে আহত হয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১২টার দিকে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রবিউল হোসেন নিলয় জানান, হাসপাতালে আনার পর শিশুটির শরীরে বিষধর সাপের দংশনের একাধিক লক্ষণ পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষক্রিয়া নিশ্চিত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল কর্মকর্তার পরামর্শে অভিভাবকের সম্মতি নিয়ে প্রথমবারের মতো অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগ করা হয়। চিকিৎসার পর ধীরে ধীরে শিশুটির অবস্থার উন্নতি হয় এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত।
শিশুটির বাবা ফিরোজ উদ্দিন বলেন, ছেলের অবস্থা দেখে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কোনো ফল না পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত ও আন্তরিক সেবায় তার ছেলে এখন সুস্থ হয়ে উঠছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানী সরকার বলেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে এটিই প্রথম অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগের সফল ঘটনা। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সমন্বিত প্রচেষ্টায় শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জরুরি চিকিৎসাসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চিকিৎসক ও জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তবে প্রথমবারের মতো অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগের সফলতা সর্পদংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্থানীয়দের আশা, প্রয়োজনীয় ওষুধ, প্রশিক্ষিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের রোগীর চিকিৎসা হাতিয়াতেই দেওয়া সম্ভব হবে।