
অরাজকতা প্রতিরোধ এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত ৭ দফা বাস্তবায়নের তাগিদে নির্ধারিত বৃহস্পতিবারের জেলাভিত্তিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিতে জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ করেন। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ জুড়ে হিংসাত্মক কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও এবং বিশৃঙ্খলা তৈরি করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্তমান সরকারের ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। এসব অপতৎপরতার প্রতিবাদ জানাতেই এই সভার আয়োজন।
পূর্বে ঘোষিত ৪০ দিনের টানা কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী বুধবার রাজধানী ঢাকা ব্যতীত দেশের অন্যান্য সব মহানগরে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন সম্পন্ন করেছে।