বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৭:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্তের সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, তদন্তের ফল প্রকাশের পর এসব দেশের নির্দিষ্ট কিছু পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক বসানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এই দুই তদন্তের ভিত্তিতে আরোপিত শুল্কের মাধ্যমে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ নামে পরিচিত বৈশ্বিক আমদানি শুল্কব্যবস্থা পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় শিগগিরই এ বিষয়ে প্রস্তাব পেশ করবে। ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কার্যকর হওয়া আগের শুল্কগুলোর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে এই নতুন অতিরিক্ত শুল্ক। গত মার্চ থেকে শুল্ক সম্পর্কিত এ তদন্ত শুরু করে সংস্থাটি।

মার্কিন তদন্তের আওতায় থাকা অন্য বাণিজ্য অংশীদারদের তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। মূলত সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদনকাঠামো বা কৌশল যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বৈষম্যমূলক কি না এবং এতে মার্কিন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তা যাচাই করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের অধিকাংশের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। একই সঙ্গে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারবিরোধী আইন কার্যকরে দুর্বলতা বা শিথিলতা নিয়ে পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি।

তদন্তপ্রক্রিয়ায় বাংলাদেশের বস্ত্র, তৈরি পোশাক, সিমেন্ট ও চামড়া শিল্প খাতকে গুরুত্ব দিয়ে পরখ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কয়েক দফায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ওয়াশিংটনের শুনানিও অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক বহাল আছে। তবে গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে ঘাটতির অভিযোগ এনে আরও ১০ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। যার ফলে বর্তমানে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ শতাংশে। নতুন কোনো শুল্ক আরোপিত হলে তা বিদ্যমান এই ২৫ শতাংশের সঙ্গেই যোগ হবে।

নতুন এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান জানান, নতুন করে শুল্ক আরোপ করা হলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। মার্কিন সুপ্রিম কোর্ট আগের শুল্ক বাতিল করার পর ট্রাম্প প্রশাসন বিভিন্ন অযুহাতে নতুন শুল্ক বসাতে চাইছে, যা মুক্তবাজার অর্থনীতির নীতির বিপরীত। সাধারণত চাহিদার ওপর ভিত্তি করে কারখানার মালিকেরা বিনিয়োগ বাড়ান, কিন্তু চাহিদা কমলেও সেই সক্ষমতা থেকে যায়। এ কারণে এই বাড়তি শুল্ক আরোপের কোনো বৈজ্ঞানিক বা বাণিজ্যিক যুক্তি নেই। শেষ পর্যন্ত যদি শুল্ক বসানো হয়, তবে মার্কিন আমদানিকারকেরা সেই বাড়তি খরচ বাংলাদেশি রপ্তানিকারকদের ঘাড়েই চাপাতে চাইবেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইন প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার রায়ান মাজেরাস জানান, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে এমন চিহ্নিত দেশগুলোর পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব দিতে পারে। এই অতিরিক্ত শুল্ক আগে থেকেই বহাল থাকা ১০ বা ১২.৫ শতাংশ শুল্কের পাশাপাশি বসবে। তবে প্রশাসন চাইলে তুলনামূলক কম হারেও এই শুল্ক নির্ধারণ করতে পারে।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাম্পের পূর্ববর্তী কিছু শুল্ক কাঠামো বাতিল হয়ে যায়, যার ফলে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল। সেই বাতিল হওয়া শুল্কের বিকল্প হিসেবেই এবার নতুন করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতিটি দেশের জন্য শুল্কের হার পৃথকভাবে নির্ধারণ করা হবে। তবে প্রথম দফায় মেক্সিকো ও নরওয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক শুল্কের ধাক্কা না-ও আসতে পারে।

বাণিজ্যিক চুক্তি অনুযায়ী সর্বোচ্চ শুল্ক হারের সীমা হোয়াইট হাউস বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। এতে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক সর্বোচ্চ ১৫ শতাংশ, মালয়েশিয়ায় ১৯ শতাংশ এবং চীনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সর্বোচ্চ ২০ শতাংশ হার বহাল থাকতে পারে। বিশেষ করে চীনের বিরুদ্ধে ইস্পাত, অ্যালুমিনিয়াম, ইলেকট্রিক গাড়ি, গৃহস্থালি ও সৌরশক্তি পণ্য দিয়ে বিশ্ববাজার সয়লাব করার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। অবশ্য চীন মার্কিন এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে জানিয়েছে, এটি কেবল তাদের অর্থনৈতিক ও রপ্তানি সক্ষমতারই প্রতিফলন।

এই বিভাগের আরো খবর