
কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা রোধে কুমিল্লা জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১৯ নেতাকর্মী রয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শনিবার (১৪ নভেম্বর) রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের সবকটি ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে থেকে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন।
অভিযানে আটক ৬১৭ জনের অপরাধ সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, বয়স ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, কিশোর অপরাধ, চুরি, ছিনতাই, মাদক ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।