1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা! - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা! অধিনায়কহীন বাংলাদেশ নারী দলের দাপুটে জয় জিম্বাবুয়ের বিপক্ষে হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা! আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের

কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

বিদ্যালয়ে যান না প্রায় দুই বছর। শ্রেণিকক্ষ কিংবা অফিস—কোথাও তাঁর উপস্থিতি নেই বলে অভিযোগ। অথচ মাস শেষে বেতন-ভাতা ঠিকই উত্তোলন করছেন তিনি। অভিযুক্ত ওই কর্মচারী আবার উপজেলা ছাত্রলীগের সভাপতি। আর তাঁকে বেতন-ভাতা উত্তোলনের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে আপন মামা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দিয়ে ভাগনেকে নিয়মিত উপস্থিত দেখানোর অভিযোগও করেছেন স্থানীয়রা।

চাঞ্চল্যকর এ ঘটনা কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের। বিদ্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অথচ নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন তিনি। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী-অভিভাবকেরা।

ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থী-অভিভাবক শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়ে সরেজমিন তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন। সেখানে গিয়ে অভিযুক্ত অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পান তিনি।

মামা প্রধান শিক্ষক, ভাগনে অফিস সহায়ক

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের প্রথম দিকে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম তাঁর আপন মামা।

স্থানীয়দের অভিযোগ, আত্মীয়তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন করে আসছেন নজরুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁকে বিদ্যালয়ে দেখা যায়নি। অথচ প্রধান শিক্ষক তাঁর হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতা করছেন।

বিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানের অভিযোগ

তদন্তকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীরা জানায়, নজরুল ইসলাম নামে একজন পিয়ন ছিলেন। তবে হাসিনা সরকারের পতনের পর থেকে তাঁকে আর বিদ্যালয়ে আসতে দেখা যায়নি। প্রধান শিক্ষক তাঁর মামা বলেও তারা শুনেছে।

এ সময় স্থানীয় বাসিন্দা মাঈদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহজামাল, নান্নু মিয়া ও মানিক মিয়াসহ অনেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তাঁদের দাবি, বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন প্রধান শিক্ষক। তাঁর আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।

শিক্ষক বলছেন, মাঝে মাঝে আসতেন

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। এখন কিছুদিন ধরে আসেন না।’

অভিযোগকারী শাহ আলম বলেন, ‘নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না এসে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে সুবিচার পাওয়ার আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তিনি পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রধান শিক্ষকের দাবি, ছুটিতে আছেন নজরুল

তদন্তকালে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম জানান, অফিস সহায়ক নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কী কারণে অনুপস্থিত জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদন দেখতে চাইলে তিনি জানান, আবেদনের কপি বাড়িতে রয়েছে।

বিদ্যালয়ে তাঁর ছয়জন আত্মীয়স্বজন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সদুত্তর দিতে পারেননি।

তদন্তে হাজিরা খাতা ও ছুটির আবেদন সংগ্রহ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, ‘তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না।’

তিনি জানান, তদন্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও কীভাবে বেতন-ভাতা উত্তোলন করা হলো? হাজিরা খাতায় কার স্বাক্ষর রয়েছে? ছুটির আবেদন আদৌ জমা হয়েছিল কি না? এসব প্রশ্নের উত্তর এখন তদন্ত প্রতিবেদনের অপেক্ষায়। স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সরকারি অর্থের কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

এই বিভাগের আরো খবর