রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

‘চুক্তি ছাড়া ফেরা নয়’, শেখ হাসিনাকে নিয়ে দুলুর বিস্ফোরক মন্তব্য!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৮:২৬ পিএম
Advertisement
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এবার কঠোর বার্তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তাঁর স্পষ্ট বক্তব্য, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি। মন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি, তারা শুধরাবে না।

শেখ হাসিনার প্রত্যাবর্তন থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড—সবকিছু নিয়েই যখন আলোচনা চলছে, তখন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। একতরফাভাবে নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা নিয়েও শোনান আশার কথা। জানান, প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিস্তাপাড়ের মানুষ খুব শিগগিরই এ বিষয়ে সুখবর পাবেন বলে আশা করছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিচার চলাকালে তিনি দেশে আসেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দলটি প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি। তারা শুধরাবে না। এ সময় তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ বলেও আখ্যা দেন।

আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও প্রত্যাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ খুব শিগগিরই সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা।

পরে মন্ত্রী বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে তিনি কুড়িগ্রাম জেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করেন।

এই বিভাগের আরো খবর