বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ পেটে ক্ষুধা, পথে কুয়াশা—শীতে কাঁপছে কুড়িগ্রাম! শিক্ষক নিয়োগে সিজিপিএ বৈষম্য: বিজ্ঞপ্তি সংশোধনে ৭২ ঘণ্টার আইনি নোটিশ কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার প্রবাসে থেকেও দেশপ্রেমের অদম্য নজির গড়লেন শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না আইপিএল নিলামে মোহাম্মদ নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে হতাশা, কাজে ফেরার আহ্বান শ্রমিক মজলিসের

পেটে ক্ষুধা, পথে কুয়াশা—শীতে কাঁপছে কুড়িগ্রাম!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:১৮ পিএম
Advertisement
শেয়ার করুন

১৪ ডিগ্রিতে হাড়কাঁপানো ঠান্ডা, ঘরে থাকার সুযোগ নেই শ্রমজীবীদের; কুয়াশার চাদর ভেদ করে চলছে বেঁচে থাকার লড়াই

সড়কজুড়ে ঘন কুয়াশা। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে বাস-ট্রাক। হিমেল বাতাসে কাঁপছে শরীর, শিশিরে ভিজে আছে পথঘাট। এমন সকালে শীতের কারণে অনেকেই যখন লেপ-কম্বলের উষ্ণতায় ঘরে থাকার চেষ্টা করছেন, তখন জীবিকার তাগিদে কুয়াশা ভেদ করে পথে নেমেছেন খেটে খাওয়া মানুষ। কারও গায়ে পুরোনো শীতের কাপড়, কারও শরীরে পাতলা জামা। কেউ রিকশা-ভ্যান নিয়ে ছুটছেন, কেউ কাজের সন্ধানে দাঁড়িয়ে আছেন রাস্তার মোড়ে। ঠান্ডায় হাত-পা জমে এলেও থামার উপায় নেই। কারণ, একদিন কাজ না করলে সংসারে খাবার জুটবে না। পেটে ক্ষুধা, সামনে কুয়াশা—এভাবেই শীতের সঙ্গে প্রতিদিনের জীবনযুদ্ধে নামতে হচ্ছে কুড়িগ্রামের শ্রমজীবী মানুষকে।

উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের এমন চিত্র দেখা গেছে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে। দুই দিনের বৃষ্টির পর রাত থেকেই বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। ভোরে তা আরও ঘনীভূত হয়ে ঢেকে ফেলে চারপাশ। রাতভর ঝরে পড়া শিশিরে ভিজে যায় সড়ক, গাছপালা ও ফসলের মাঠ। সকাল গড়ালেও কাটেনি কুয়াশার দাপট। সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতিও ছিল বেশি। এদিন সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। ভোরে কাজে বের হওয়ার কথা থাকলেও কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় অনেকেই সময়মতো ঘর থেকে বের হতে পারছেন না। আবার কাজে না গেলে সংসারের চাকা থেমে যায়। তাই বাধ্য হয়েই শীত উপেক্ষা করে জীবিকার সন্ধানে বের হচ্ছেন তাঁরা। কেউ খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করছেন, কেউ কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে ছুটছেন গন্তব্যে।

কুড়িগ্রাম সদর উপজেলার আঠালবাড়ি এলাকার মুদি দোকানদার আব্দুল আউয়াল (৫২) বলেন, ‘আজ খুব শীত, সঙ্গে বাতাসও বইছে। দোকানে বসে থাকা যাচ্ছে না। কিন্তু ব্যবসা বন্ধ করলে পেটে ভাত জুটবে না।’

রাজারহাট উপজেলার কিশামত পুনকর এলাকার দিনমজুর জমির উদ্দিন (৫৪) বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি শীত পড়েছে। কাজে যাব, কিন্তু ঠান্ডায় বাইরে বের হওয়া যাচ্ছে না। না গেলে সংসার চলবে না। শীতের দিন এলো, এবার আমাদের খুব কষ্ট হবে।’

চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের নতুন জোরগাছ এলাকার শাহজাহান আলীরও একই অবস্থা। শীতের কারণে সকালে রিকশা নিয়ে কাজে বের হতে পারেননি তিনি। আয় বন্ধ থাকায় সংসারে অর্থসংকট লেগেই আছে।

একই ইউনিয়নের ব্রহ্মপুত্রপাড়ের বাসিন্দা আনোয়ারুল ইসলাম নদী ও বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তিনি জানান, শীতের কারণে ঠিকমতো মাছ ধরতে পারছেন না। এতে আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

কুয়াশায় কৃষকের কপালেও চিন্তার ভাঁজ

শুধু শ্রমজীবী মানুষই নন, ঘন কুয়াশা ও ঠান্ডায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরাও। এখন ইরি-বোরো মৌসুমের বীজতলা প্রস্তুতের সময়। এ সময়ে অতিরিক্ত কুয়াশা ও ঠান্ডা দীর্ঘস্থায়ী হলে বীজতলা এবং ধানের চারার স্বাভাবিক বৃদ্ধিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কুটিপাড়া গ্রামের কৃষক আদম আলী বলেন, ‘এখন ইরি-বোরো মৌসুমের বীজতলা তৈরির সময়। এ সময়ে বেশি কুয়াশা ও শীত পড়লে ধানের চারা গজাতে সমস্যা হতে পারে।’

মৌলভীপাড়া এলাকার ভ্যানচালক আব্দুল হাই জানান, অতিরিক্ত কুয়াশার কারণে ভ্যান নিয়ে বের হতে কষ্ট হচ্ছে। সড়কে ঠিকমতো দেখা যায় না। ভ্যানে মালামাল তোলাও কঠিন হয়ে পড়েছে।

শীতজনিত রোগে বাড়ছে উদ্বেগ

এদিকে ঠান্ডা ও আবহাওয়ার পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার ৯টি উপজেলায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, নভেম্বর মাস থেকেই জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় ঘন কুয়াশা বিরাজ করছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

শীতের আগমনী বার্তাতেই কুড়িগ্রামের জনজীবনে বাড়ছে দুর্ভোগ। কুয়াশায় ঢাকা সড়কে যানবাহনের হেডলাইটের আলো আর শীতের কাপড়ে মোড়ানো মানুষের চলাচলে ফুটে উঠছে কঠিন বাস্তবতার ছবি। কারও জীবিকা রিকশার প্যাডেলে, কারও দিন কাটে শ্রম বিক্রির অপেক্ষায়, আবার কেউ নদীতে মাছ ধরেই চালান সংসার। তাঁদের কাছে শীত মানে শুধু ঠান্ডা নয়, রোজগার হারানোর ভয়, সংসারে অভাবের শঙ্কা। তবু থেমে থাকার সুযোগ নেই। কারণ, শীতের কাছে হার মানলে জ্বলবে না চুলা, জুটবে না দুমুঠো খাবার। তাই প্রকৃতির বৈরিতাকে উপেক্ষা করে প্রতিদিনই কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাঁদের বেঁচে থাকার লড়াই।

এই বিভাগের আরো খবর