
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় একটি বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। পরিবহনমন্ত্রী শন ডাফি এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় গত রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
দুর্ঘটনায় কবলিত লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে সেটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নেমে আসছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, আকাশ থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে আসা বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং বিকট বিস্ফোরণে আগুনের গোলার সৃষ্টি হয়। বিমানটির ধ্বংসাবশেষ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসস্তূপ সড়কজুড়ে ছড়িয়ে আছে। এতে দেখা যায়, একটি আবাসিক এলাকার সড়কে গাড়ি চলাচল করছে। এরপর বিশাল বিস্ফোরণ, চারদিকে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ।’।
তবে ভিডিওটির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। বিমানটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সংবাদ সম্মেলনে বলেন, ভিডিওটি দেখলে মনে হয় যেন একটি ক্ষেপণাস্ত্র আকাশ থেকে নিচে নেমে আসছে। তিনি জানান, দুর্ঘটনার পর মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি। পরিবহনমন্ত্রী শন ডাফি এই ঘটনাকে একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবার কাছে প্রার্থনা চেয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটিকে গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ করা দৃশ্য বলে মনে করা হচ্ছে। শন ডাফি বলেন, ‘যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবার ও স্বজনদের জন্য সবাই প্রার্থনা করুন।’। ছয় লেনের এই সড়কের পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এফএএ। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল সড়কে বিধ্বস্ত হওয়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্থানীয় অবকাঠামো। পানির লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এটি পুনরায় চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের পাশের একটি ট্রেলার পার্ক এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ বিভাগ ঘটনাটিকে বহু হতাহতের ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। উল্লেখ্য, দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছিল। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে এয়ার ফোর্স ওয়ানে করে নিকটস্থ বিমানবন্দর দিয়ে এলাকাটি ত্যাগ করেছিলেন।